চার সেভ ম্যাক্স ব্রোকারের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করেছে রেবো

চার সেভ ম্যাক্স ব্রোকারের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করেছে রেবো - the Bengali Times
অন্টারিওর আবাসন খাতের নিয়ন্ত্রক সংস্থা দ্য রিয়েল এস্টেট কাউন্সিল অব অন্টারিও চারটি সেভ ম্যাক্স সংশ্লিষ্ট ব্রোকারেজের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে

অন্টারিওর আবাসন খাতের নিয়ন্ত্রক সংস্থা দ্য রিয়েল এস্টেট কাউন্সিল অব অন্টারিও চারটি ‘সেভ ম্যাক্স’ সংশ্লিষ্ট ব্রোকারেজের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে। ট্রাস্ট অ্যাকাউন্ট থেকে প্রায় ২৭ লাখ মার্কিন ডলার বেআইনিভাবে ব্যয়ের প্রমাণ পাওয়ার পর এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার রেকো জানায়, দীর্ঘ তদন্ত শেষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার লক্ষ্য মূলত ব্রোকারেজগুলোর অ্যাকাউন্টে থাকা অর্থ সুরক্ষিত রাখা এবং ভোক্তাদের আমানত রক্ষা করা। তদন্তটি গত মাসে সম্পন্ন হয়।

- Advertisement -

রেকোর বক্তব্য অনুযায়ী, ট্রাস্ট অ্যাকাউন্টে রাখা অর্থ নির্দিষ্ট লেনদেন ও গ্রাহকদের স্বার্থরক্ষার জন্য সংরক্ষিত থাকে। এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করা আইনত দণ্ডনীয়। কিন্তু তদন্তে উঠে এসেছে, সংশ্লিষ্ট ব্রোকারেজগুলো ট্রাস্টের শর্ত ভঙ্গ করে প্রায় ২৭ লাখ ডলার ব্যয় করেছে।

ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে – ঋণ পরিশোধ, বাড়ি ব্যবস্থাপনা ফি, কর পরিশোধ, ক্রেডিট কার্ডের বকেয়া এবং ভেন্ডর সেবার খরচ। এই ব্যয়গুলো ট্রাস্ট তহবিলের অনুমোদিত ব্যবহারের আওতায় পড়ে না বলে জানিয়েছে রেকো।

ব্রোকারেজগুলোর আর্থিক লেনদেন বিশ্লেষণে রেকো একটি তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান দিয়ে ফরেনসিক অডিট করায়। সেই বিশ্লেষণেই অনিয়মের সুস্পষ্ট চিত্র উঠে আসে। রেকোর মতে, ট্রাস্ট অ্যাকাউন্ট অবরুদ্ধ করা ভোক্তাদের অর্থ সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ও তাৎক্ষণিক সুরক্ষা ব্যবস্থা। এছাড়া, তদন্তের ফলাফল পিল রিজিয়নাল পুলিশের কাছেও পাঠানো হয়েছে, যা ইঙ্গিত করছে যে বিষয়টি এখন ফৌজদারি তদন্তের পর্যায়েও যেতে পারে।

ব্যাংক হিসাব অবরুদ্ধ করার পাশাপাশি রেকো চারটি সেভ ম্যাক্স ব্রোকারেজ এবং দুই ব্যক্তির বিরুদ্ধে নিবন্ধন বাতিলের প্রস্তাবসংবলিত নোটিশ জারি করেছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক অব্যাহতির আদেশ চেয়ে আবেদন করা হয়েছে। অর্থাৎ, তারা যাতে অবিলম্বে রিয়েল এস্টেট কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

রেকো জানায়, ২০২৪ সালে সেভ ম্যাক্স সংশ্লিষ্ট ব্রোকারেজগুলোর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু হয়। অভিযোগগুলোতে ট্রাস্ট তহবিল ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। দীর্ঘ অনুসন্ধান ও নথিপত্র যাচাই শেষে নিয়ন্ত্রক সংস্থাটি এই সিদ্ধান্তে উপনীত হয়।

অন্টারিওর রিয়েল এস্টেট বাজারে ট্রাস্ট অ্যাকাউন্ট একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা কাঠামো। ক্রেতা ও বিক্রেতারা তাদের অর্থ নিরাপদ থাকবে এই বিশ্বাসেই লেনদেন করেন। সেই প্রেক্ষাপটে ট্রাস্ট তহবিলের অপব্যবহারের অভিযোগ বাজারে আস্থার সংকট তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নিয়ন্ত্রক সংস্থার এই দ্রুত ও কঠোর পদক্ষেপ বাজারে বার্তা দিচ্ছে যে অনিয়মের ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। একই সঙ্গে এটি অন্য ব্রোকারেজগুলোর জন্যও সতর্কবার্তা।

বর্তমানে তদন্ত-পরবর্তী প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট ব্রোকারেজ বা ব্যক্তিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

এই ঘটনার পর অন্টারিওর আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়ন্ত্রক নজরদারি আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles