
গত এক দশকে কানাডার ফেডারেল আমলাতন্ত্রের ব্যয় ভয়াবহ হারে বেড়েছে। সরকারের নতুন বার্ষিক আর্থিক প্রতিবেদন “পাবলিক অ্যাকাউন্টস অব কানাডা ২০২৪-২৫”–এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত সরকারি বিভাগ, সংস্থা ও আউটসোর্সিংসহ মোট প্রশাসনিক ব্যয় ৮০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে আমলাতন্ত্রের পেছনে খরচ হয়েছে ৭ হাজার ১৪০ কোটি ডলার, যেখানে মাত্র দশ বছর আগে ২০১৫-১৬ অর্থবছরে এই খরচ ছিল ৩ হাজার ৯৬০ কোটি ডলার। অর্থাৎ সরকারি খরচের এই খাতে বৃদ্ধি হয়েছে ৮০% এর বেশি। এর মধ্যে শুধুমাত্র আউটসোর্সিং বাবদ খরচ গত বছর ছিল ২ হাজার ৩১০ কোটি ডলার, যা এক দশকে ১১০ শতাংশের বেশি বৃদ্ধি নির্দেশ করে। অর্থাৎ সরকারের বাইরের সংস্থা, কনসালট্যান্ট এবং প্রাইভেট ফার্মকে দেওয়া চুক্তির পরিমাণ লাফিয়ে বেড়েছে।
২০২৩-২৪ অর্থবছরে আমলাতন্ত্রে খরচ ছিল ৬ হাজার ৫৩০ কোটি ডলার। তার পরের বছর ২০২৪-২৫ এই ব্যয় ১১% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৪০ কোটি ডলারে। এই বৃদ্ধি এমন সময়ে হচ্ছে যখন কানাডা আর্থিক ঘাটতি, বিরাজমান মূল্যস্ফীতি, এবং রাজস্ব ঘাটতির মতো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।
গত এক দশকে ফেডারেল পাবলিক সার্ভিসের আকার বেড়েছে ৪০%। ২০১৫ সালে কর্মী সংখ্যা ছিল ২,৫৭,০৩৪, যা বেড়ে ২০২৫ সালে দাঁড়িয়েছে প্রায় ৩,৫৮,০০০। অন্যদিকে একই সময়ে কানাডার মোট জনসংখ্যা বেড়েছে মাত্র ১৬%। যা ২০১৫ সালে ৩ কোটি ৫৬ লাখ, ২০২৫ সালে ৪ কোটি ১৬ লাখ। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির তুলনায় আমলাতান্ত্রিক কর্মী বাড়ানো হয়েছে দেড় গুণের বেশি গতিতে।
কানাডিয়ান ট্যাক্সপেয়ারস ফেডারেশনের ফেডারেল পরিচালক ফ্রাঙ্কো টেরাজানো তীব্র সমালোচনা করে বলেন “করদাতাদের সরকারের ইন-হাউস আমলাদের জন্য এত বেশি অর্থ পরিশোধ করা উচিত নয়। বরং সরকারের উচিত প্রয়োজন অনুযায়ী বাইরের সহায়তা নেওয়া। ফেডারেল আমলাতন্ত্র থেকে সামান্য সাশ্রয়ে দেশের আর্থিক সংকটের সমাধান হবে না।” তার মতে, অপ্রয়োজনীয়ভাবে কর্মী সংখ্যা বাড়ানো এবং বিশাল অঙ্কের আউটসোর্সিং খরচ কানাডার আর্থিক ভার বাড়িয়ে তুলছে।
বিশ্লেষকদের মতে ব্যয় বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ রয়েছে। যথা – সরকারি সেবায় ডিজিটাল রূপান্তর ও আইটি খাতের সম্প্রসারণ, নতুন সামাজিক কর্মসূচি পরিচালনা, স্বাস্থ্য, সীমান্ত নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তায় বাড়তি চাপ, কোভিড-১৯–পরবর্তী সময়ে প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ। তবে প্রশ্ন উঠছে এত বিপুল কর্মী বৃদ্ধি ও ব্যয় কি প্রয়োজন ছিল? নাকি এটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন?
কানাডার অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে চাপের মুখে। বাজেট ঘাটতি বাড়ছে, করদাতাদের ওপর চাপ বাড়ছে, এবং সরকারের অভ্যন্তরীণ ব্যয় নিয়ে বিতর্কও তীব্র হচ্ছে। ফলে পর্যবেক্ষকরা বলছেন, সরকারের উচিত দ্রুত ব্যয় পুনর্বিবেচনা এবং আমলাতন্ত্রকে আরও দক্ষকরণ।

