
অন্টারিও প্রদেশে ইম্পেয়ার্ড ড্রাইভিং বা মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে বাবা–মা বা অভিভাবক হারানো শিশুদের দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে প্রাদেশিক সরকার। তবে ঠিক কবে নাগাদ এই নতুন নিয়মনীতিগুলো কার্যকর হবে, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সেফার রোডস অ্যান্ড কমিউনিটিজ অ্যাক্ট ২০২৪’-এর সঙ্গে সংযুক্ত হিসেবে এসব প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবে বলা হয়েছে, কারও ইম্পেয়ার্ড ড্রাইভিংয়ের কারণে যদি কোনো ব্যক্তি নিহত হন, তবে দায়ী চালককে স্থায়ীভাবে ড্রাইভিং লাইসেন্স বাতিলের মুখে পড়তে হবে। সেই সঙ্গে নিহত ব্যক্তির শিশু–সন্তানদের আর্থিক সহায়তার দায় বহন করতে বাধ্য করা হবে অপরাধীকে।
অন্টারিওর অ্যাটর্নি জেনারেল ডগ ডাউনি মঙ্গলবার সকালে বলেছেন, “ইম্পেয়ার্ড ড্রাইভিংয়ের কারণে কোনো শিশু তার বাবা-মাকে হারানোর নির্মম বোঝা নিয়ে বড় হতে পারে না। আমরা এমন বাস্তবসম্মত সমাধান খুঁজছি যা এ ধরনের দুর্ভাগা শিশুর দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।”
প্রদেশ জানায়, আইনটি তৈরি করার ক্ষেত্রে তারা এমন অঞ্চলগুলোর অভিজ্ঞতা পর্যবেক্ষণ করছে, যেখানে ইতোমধ্যেই অনুরূপ আইন কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য এর মধ্যে অন্যতম। টেক্সাস ২০২৩ সালে একটি বিধান চালু করে, যেখানে বলা হয় ইম্পেয়ার্ড ড্রাইভিংয়ে কারও মৃত্যু ঘটালে দায়ী ব্যক্তি নিহত শিশুর বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত অথবা তার হাইস্কুল শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা দিতে বাধ্য থাকবে।
অন্টারিও সরকার জানায়, সহিংস বা ইম্পেয়ার্ড ড্রাইভিং–জনিত দুর্ঘটনার ভুক্তভোগী পরিবারের প্রতি আরও দায়িত্বশীল আইনগত কাঠামো গড়ে তোলা তাদের অগ্রাধিকার। তবে নতুন প্রস্তাবিত ব্যবস্থাগুলো কবে নাগাদ কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে ডাউনি বলেন,
“এই মুহূর্তে সরকারের কাছে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।”
প্রাদেশিক তথ্য অনুযায়ী, শুধু ২০২১ সালেই অন্টারিওতে ইম্পেয়ার্ড ড্রাইভিং–সম্পর্কিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮২ জন। এর মধ্যে ৯৬ জন মদ্যপ অবস্থায় চালকের কারণে নিহত হন এবং ৮৬ জন মারা যান মাদকসেবী চালকের অবহেলাজনিত দুর্ঘটনায়।
দেশজুড়ে ইম্পেয়ার্ড ড্রাইভিং এখনো অন্যতম বড় সড়ক নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত। আইনশৃঙ্খলা বাহিনী এবং ভুক্তভোগী পরিবারগুলো দীর্ঘদিন ধরে কঠোর শাস্তি, আর্থিক জবাবদিহিতা এবং শিশুদের সুরক্ষার জন্য বাড়তি বিধানের দাবি জানিয়ে আসছে।
নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে, অন্টারিও হবে কানাডার প্রথম প্রদেশগুলোর একটি, যেখানে ইম্পেয়ার্ড চালকদের আর্থিক দায় শুধু জরিমানা বা কারাদণ্ডেই সীমাবদ্ধ থাকবে না, নিহত ব্যক্তির পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেও তারা বাধ্য থাকবে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

