
ম্যানিটোবা প্রদেশের নয়টি উৎপাদক প্রতিষ্ঠানকে উৎপাদনশীলতা বৃদ্ধি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২ কোটি ১০ লাখ কানাডীয় ডলারের তহবিল প্রদান করছে কানাডার ফেডারেল সরকার। বৃহস্পতিবার এই ঘোষণা দেন প্রেইরিজ ইকোনমিক ডেভেলপমেন্ট কানাডার দায়িত্বপ্রাপ্ত ফেডারেল মন্ত্রী ইলিয়ানর ওলজেউইস্কি।
তহবিলপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রেইরি ফাবা, ডেকোর ক্যাবিনেটস, নর্থকুইপ, এবং শ্নেল ইন্ডাস্ট্রিজ যারা ইতিমধ্যেই স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উদ্ভাবনী ধারণা এবং প্রযুক্তিনির্ভর উৎপাদনের জন্য পরিচিত।
মন্ত্রী ওলজেউইস্কি বলেন, “ম্যানিটোবার উদ্ভাবকরা তাদের সাহসী ধারণাগুলোকে বাস্তবে রূপ দিচ্ছেন যা কেবল তাদের ব্যবসার জন্য নয়, বরং পুরো কমিউনিটি ও পরিবারের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। কানাডা সরকার শুধু প্রকল্পেই নয়, বরং এই প্রকল্পগুলোর পেছনে থাকা মানুষগুলোর প্রতিও বিনিয়োগ করছে। কারণ, তারাই কানাডার উদ্ভাবনকে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছেন। এভাবেই আমরা ব্যবসাগুলোকে বড় হতে সহায়তা করছি এবং একই সঙ্গে উচ্চমানের চাকরি সৃষ্টি করে অর্থনীতিকে শক্তিশালী করছি।”
ম্যানিটোবার গ্লোবোরোভিত্তিক প্রতিষ্ঠান প্রেইরি ফাবা পেয়েছে ১৫ লাখ কানাডীয় ডলার অনুদান। প্রতিষ্ঠানটি “ফাবা বিন” বা একধরনের উদ্ভিদজাত প্রোটিনসমৃদ্ধ শস্যের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।
কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা হেইলি জেফরিস শুক্রবার এক বিবৃতিতে বলেন, “প্রেইরিজ ইকোনমিক ডেভেলপমেন্ট কানাডার সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। এই বিনিয়োগ আমাদের উৎপাদন ও সরবরাহ নেটওয়ার্ককে আরও বিস্তৃত করতে এবং টেকসই ফাবা বিনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক হবে। উদ্ভিদজাত প্রোটিনে কানাডার যে নেতৃত্ব রয়েছে, এই বিনিয়োগ তা আরও শক্তিশালী করবে। পাশাপাশি প্রেইরি অঞ্চলের কৃষকরাও এর সুফল পাবেন।”
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই তহবিল ম্যানিটোবার উৎপাদনশীলতা খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এতে স্থানীয় ব্যবসাগুলো আন্তর্জাতিক মানে প্রতিযোগিতা করার সুযোগ পাবে এবং প্রদেশজুড়ে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
ফেডারেল সরকারের এই উদ্যোগের ফলে শুধু নতুন প্রযুক্তিতে বিনিয়োগই নয়, বরং টেকসই কৃষি, সবুজ উৎপাদন, এবং স্থানীয় উদ্ভাবনভিত্তিক শিল্পখাতেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সার্বিকভাবে বলা যায়, ম্যানিটোবার এই নয়টি প্রতিষ্ঠানে বিনিয়োগ ফেডারেল সরকারের এক বৃহত্তর অর্থনৈতিক রূপরেখার অংশ, যার লক্ষ্য হলো কানাডাকে উদ্ভাবন, সবুজ শক্তি এবং টেকসই উৎপাদনের বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করা।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

