১৪ বছরের অপেক্ষা, কবে চালু হবে এগলিন্টন ক্রসটাউন এলআরটি?

১৪ বছরের অপেক্ষা, কবে চালু হবে এগলিন্টন ক্রসটাউন এলআরটি? - the Bengali Times
একাধিকবার উদ্বোধনের সময়সূচি পরিবর্তন কারিগরি জটিলতা এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে প্রকল্পটি এখন নগরবাসীর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে স্কারবোরোর বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই আধুনিক রেলসেবার অপেক্ষায় রয়েছেন সর্বশেষ পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলেও অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ঘোষণা করতে পারেনি কর্তৃপক্ষ ছবি কাদের মনসুর বেঙ্গলি টাইমস

টরন্টোর স্কারবোরোর এগলিন্টন ক্রসটাউন এলআরটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১১ সালে। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ১৪ বছর। একাধিকবার উদ্বোধনের সময়সূচি পরিবর্তন, কারিগরি জটিলতা এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে প্রকল্পটি এখন নগরবাসীর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্কারবোরোর বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই আধুনিক রেলসেবার অপেক্ষায় রয়েছেন। সর্বশেষ পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলেও অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ঘোষণা করতে পারেনি কর্তৃপক্ষ। টরন্টোর ওয়ার্ডেন-এগলিনটন ইন্টারসেকশনে রেস্টুরেন্ট চালু করেছিলেন স্যাণ্ডি কুওয়াং। ভালোই চলছিলো ব্যবসা। শুরু হলো এই এলআরটির কাজ। বন্ধ হলো রাস্তার একটি অংশ। কমলো ট্রাফিক । ব্যবসায় হলো ধীরগতি। এখন লোকসানের মুথে তার রেস্টুরেন্ট। বেঙ্গলি টাইমকে বললেন, কেভর শুনছি খুব শীঘ্রই সকল কাজ শেষ হবে। এলআরটি চালু হবে। বারবার ঘোষণা দিয়েও চালু হচ্ছে না।

মেট্রোলিংক্সের অনসাইট প্রকৌশলী ধীলান কাপাডিয়া এই প্রতিবেদককে বললেন, গত ৭ সেপ্টেম্বর থেকে এগলিন্টন ক্রসটাউন এলআরটিতে ৩০ দিনের চূড়ান্ত পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এই সময়ে যাত্রী ছাড়াই নিয়মিত যাত্রীসেবার আদলে ট্রেন পরিচালনা করা হবে। ট্রেনের সময়সূচি, সংকেতব্যবস্থা, নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা এবং পরিচালনাগত সক্ষমতা যাচাই করা হবে। পরীক্ষায় সন্তোষজনক ফল পাওয়া গেলে প্রকল্পটি যাত্রীসেবা চালুর আরও কাছাকাছি পৌঁছাবে। তবে কবে থেকে সাধারণ যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তারিখ দেওয়া হয়নি।

- Advertisement -

প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে রয়েছে ২৫টি স্টেশন ও যাত্রী ওঠানামার স্থান। পশ্চিমে মাউন্ট ডেনিস থেকে পূর্বে স্কারবোরোর কেনেডি স্টেশন পর্যন্ত বিস্তৃত প্রকল্পটির প্রায় ১০ কিলোমিটার অংশ ভূগর্ভস্থ। বাকি অংশ সড়কের ওপর দিয়ে পরিচালিত হবে। নতুন এই রেলপথ চালু হলে টরন্টোর পূর্ব-পশ্চিম যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

১৪ বছরের অপেক্ষা, কবে চালু হবে এগলিন্টন ক্রসটাউন এলআরটি? - the Bengali Times
প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে রয়েছে ২৫টি স্টেশন ও যাত্রী ওঠানামার স্থান পশ্চিমে মাউন্ট ডেনিস থেকে পূর্বে স্কারবোরোর কেনেডি স্টেশন পর্যন্ত বিস্তৃত প্রকল্পটির প্রায় ১০ কিলোমিটার অংশ ভূগর্ভস্থ বাকি অংশ সড়কের ওপর দিয়ে পরিচালিত হবে নতুন এই রেলপথ চালু হলে টরন্টোর পূর্ব পশ্চিম যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে ছবি কাদের মনসুর বেঙ্গলি টাইমস

পরিকল্পনা অনুযায়ী, এগলিন্টন ক্রসটাউন এলআরটি নগরীর ৫৪টি বাসপথ, তিনটি পাতালরেল স্টেশন এবং আঞ্চলিক রেলসেবার সঙ্গে সংযুক্ত থাকবে। এতে যাত্রীদের বিভিন্ন পরিবহনের মধ্যে সংযোগ সহজ হবে। বিশেষ করে স্কারবোরো থেকে টরন্টোর অন্যান্য এলাকায় যাতায়াতকারী হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

স্থানীয় সিটি কাউন্সিলর পার্থি কানডেভাল টেলিফোনে বেঙ্গলি টাইমকে বলেন, প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১১ সালে এবং প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালে যাত্রীসেবা চালুর কথা ছিল। কিন্তু নির্মাণসংক্রান্ত সমস্যা, প্রযুক্তিগত ত্রুটি, নিরাপত্তা পরীক্ষা এবং অন্যান্য জটিলতায় নির্ধারিত সময়সীমা বারবার পিছিয়ে যায়। ২০২৫ সালের সেপ্টেম্বরেও প্রকল্পটি চালুর সম্ভাবনার কথা বলা হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পূরণ করা সম্ভব হয়নি। এরপর অক্টোবরকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হলেও মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত উদ্বোধনের কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

একাধিক সূত্রে জানা গেছে, প্রকল্পের ব্যয় নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। প্রাথমিকভাবে নির্মাণের জন্য প্রায় ৫৩০ কোটি ডলারের হিসাব দেওয়া হলেও পরবর্তী সময়ে নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণসহ সামগ্রিক প্রকল্পব্যয় অনেক বেড়েছে। অবকাঠামো অন্টারিওর হিসাবে মূল্যস্ফীতি বিবেচনায় চুক্তিমূল্য প্রায় ৯১০ কোটি ডলার। তবে বিভিন্ন প্রতিবেদনে সামগ্রিক ব্যয় আরও বেশি হওয়ার তথ্য উঠে এসেছে।

এদিকে দীর্ঘ নির্মাণকাজের কারণে এগলিন্টন অ্যাভিনিউসংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাদের বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয়েছে। সড়কে যানজট, নির্মাণকাজের প্রতিবন্ধকতা, ক্রেতা চলাচলে অসুবিধা এবং ব্যবসায়িক ক্ষতির অভিযোগও রয়েছে। স্থানীয় ব্যবসায়ী লিও কসতাস বেঙ্গলি টাইমকে বললেন,  স্কারবোরোর বাসিন্দাদের জন্য কেনেডি স্টেশন একটি গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগস্থল। এগলিন্টন ক্রসটাউন চালু হলে এখান থেকে শহরের পশ্চিমাংশে যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে যাঁরা প্রতিদিন কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা চিকিৎসার প্রয়োজনে গণপরিবহন ব্যবহার করেন, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। কিন্তু কবে এটা চালূ হবে এটা কেউ বলতে পারছে না।

এক্সপার্টরা অবশ্য বলছেন ভিন্ন কথা। নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রীসেবা নিশ্চিত করতে সব ধরনের পরীক্ষা সম্পন্ন করা প্রয়োজন। চূড়ান্ত পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পরই উদ্বোধনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর এখন এগলিন্টন ক্রসটাউন এলআরটি প্রকল্পের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে শেষ পর্যায়ের পরীক্ষার ফলাফলের ওপর। নগরবাসীর প্রত্যাশা, এবার অন্তত আর নতুন করে সময়সীমা পিছিয়ে দেওয়া হবে না। তবে একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতায় অনেকের মনে এখনো একই প্রশ্ন। ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কবে সত্যিকার অর্থে চালু হবে এগলিন্টন ক্রসটাউন এলআরটি? স্কারবোরোবাসী একণ সেই অপেক্ষায় দিন গুণছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles