
কানাডার তরুণ ও মধ্যবয়সী মানুষের নেশাজাতীয় দ্রব্য ব্যবহারের অভ্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে, ৫০ বছরের কম বয়সীদের মধ্যে প্রতিদিন মদ্যপানের চেয়ে গাঁজা ব্যবহারের প্রবণতা বেশি। এমনকি ৩৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে দৈনিক গাঁজা সেবনের হার সিগারেট ব্যবহারের কাছাকাছি পৌঁছে গেছে। গাঁজার বৈধতা চালুর আট বছর পর এই প্রবণতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে।
২৩ নভেম্বর কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন ম্যাকমাস্টার ইউনিভার্সিটি এবং নর্থ ইয়র্ক জেনারেল হাসপাতালের গবেষকেরা। এতে প্রায় এক লাখ কানাডীয় নাগরিকের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার জন্য ২০২৩ ও ২০২৪ সালের কানাডিয়ান কমিউনিটি হেলথ সার্ভের তথ্য ব্যবহার করা হয়। এতে গাঁজা, অ্যালকোহল এবং তামাকজাতীয় দ্রব্যের দৈনন্দিন ব্যবহারের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, কানাডার প্রাপ্তবয়স্কদের ৫.৭ শতাংশ প্রতিদিন অথবা প্রায় প্রতিদিন গাঁজা ব্যবহার করেন। সংখ্যার হিসাবে এই হার প্রায় ১৮ লাখ ১০ হাজার মানুষের সমান। অন্যদিকে প্রতিদিন মদ্যপান করেন ৫.২ শতাংশ এবং নিয়মিত সিগারেট ব্যবহার করেন ৮.৫ শতাংশ প্রাপ্তবয়স্ক। অর্থাৎ সামগ্রিকভাবে সিগারেটের ব্যবহার এখনো সবচেয়ে বেশি হলেও বয়সের ভিত্তিতে হিসাব করলে চিত্রটি বদলে যাচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে গাঁজার জনপ্রিয়তা বৃদ্ধির বিষয়টি গবেষকদের নজরে এসেছে।
২৫ থেকে ৩৪ বছর বয়সী পুরুষদের মধ্যে প্রতিদিন গাঁজা ব্যবহারের হার প্রায় ১১ শতাংশ। একই বয়সের পুরুষদের মধ্যে প্রতিদিন মদ্যপানের হার ২.৯ শতাংশ এবং সিগারেট ব্যবহারের হার ৮ শতাংশ। নারীদের ক্ষেত্রেও প্রায় একই প্রবণতা দেখা গেছে। ২৫ থেকে ৩৪ বছর বয়সী নারীদের ৬.৮ শতাংশ প্রতিদিন গাঁজা ব্যবহার করেন। তুলনায় তাঁদের মধ্যে দৈনিক মদ্যপানের হার ১.২ শতাংশ এবং সিগারেট ব্যবহারের হার ৪.৫ শতাংশ। ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যেও গাঁজা ব্যবহারের প্রবণতা তুলনামূলক বেশি।
তবে বয়স্কদের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে গাঁজার তুলনায় নিয়মিত মদ্যপানের প্রবণতা বেশি। গবেষণায় স্পষ্ট হয়েছে, কানাডার বিভিন্ন বয়সী জনগোষ্ঠীর মধ্যে নেশাজাতীয় দ্রব্য ব্যবহারের অভ্যাসে প্রজন্মভিত্তিক পার্থক্য তৈরি হয়েছে।
গবেষণার প্রধান লেখক আন্দ্রে ম্যাকডোনাল্ডের মতে, এই পরিবর্তন কানাডার বিভিন্ন প্রজন্মের সামাজিক ও আচরণগত অভ্যাসের রূপান্তরকে তুলে ধরে। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে দীর্ঘদিনের সচেতনতা, কঠোর নিয়ন্ত্রণ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে সিগারেট ব্যবহারের প্রবণতা কমেছে।
অন্যদিকে কানাডায় গাঁজার বৈধতা, সহজলভ্যতা এবং সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির সঙ্গে এর ব্যবহার বাড়ার সম্পর্ক থাকতে পারে। তবে গবেষকেরা সতর্ক করেছেন, এই দুটি প্রবণতার মধ্যে সম্পর্ক পাওয়া গেলেও গাঁজার বৈধতাই ব্যবহার বৃদ্ধির একমাত্র কারণ, এমন সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ নেই।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগের জায়গা হলো, নিয়মিত গাঁজা ব্যবহারের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত প্রভাব এখনো পুরোপুরি স্পষ্ট নয়। মানসিক স্বাস্থ্য, আসক্তি, হৃদ্রোগ এবং ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। গবেষকদের মতে, কানাডার জনস্বাস্থ্য নীতিতে গাঁজার ব্যবহারকেও মদ ও তামাকের মতো গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই অভ্যাস যেভাবে বাড়ছে, তার দীর্ঘমেয়াদি প্রভাব বুঝতে নিয়মিত নজরদারি এবং আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

