‘শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়’ : প্রভা

‘শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়’ : প্রভা - the Bengali Times

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে সোচ্চার হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি শিল্পকে শুধু পেশা হিসেবে না দেখে এর সঙ্গে জড়িয়ে থাকা মর্যাদা, সংস্কৃতি ও পরিচয়ের গুরুত্ব তুলে ধরেছেন।

প্রভা মনে করেন, কোনো পরিচয় যদি একজন মানুষকে সম্মান, পরিচিতি, অর্থ এবং মানুষের ভালোবাসা এনে দেয়, তাহলে সেই পরিচয় নিয়ে লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ ও আচরণ নিয়ে ভাবা উচিত।

- Advertisement -

নিজের বক্তব্যে তিনি বলেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’

সংস্কৃতি অঙ্গনে প্রবেশের ক্ষেত্রে শিক্ষা ও মূল্যবোধের গুরুত্বের কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার মতে, শুধু পরিচিতি বা জনপ্রিয়তার আকাঙ্ক্ষা নিয়ে সংস্কৃতিচর্চায় আসা উচিত নয়; এর সঙ্গে থাকতে হবে সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ।

প্রভা বলেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি, আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’

তিনি আরও বলেন, ‘আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

শিল্পের মর্যাদা রক্ষার ওপর জোর দিয়ে প্রভা বলেন, শিল্প মানুষের সৃজনশীলতা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই শিল্পী পরিচয়কে ছোট করে দেখা কিংবা একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তার ভাষায়, ‘কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

প্রভার এই বক্তব্যের মধ্য দিয়ে সংস্কৃতি অঙ্গনে যুক্ত ব্যক্তিদের শিক্ষা, মূল্যবোধ, আত্মমর্যাদা ও নিজ পরিচয়ের প্রতি শ্রদ্ধার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles