
রূপকথার মতো শুরু হয়েছিল র্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সম্পর্ক। তবে সেই গল্পের পরিণতি হলো বিচ্ছেদে। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় নিজেদের পথ আলাদা করার ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি।
সোমবার রাতে সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতি প্রকাশ করে বিচ্ছেদের কথা জানান বাদশা ও ইশা। সেখানে তারা জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়া ও সম্মতির ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানোর জন্য ভক্ত ও অনুসারীদের অনুরোধ করেছেন তারা।
বাদশা তার সামাজিক মাধ্যমের পাতায় লিখেছেন, তিনি ও ইশা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন। একে অপরের প্রতি সম্মান রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বিচ্ছেদ নিয়ে নতুন কোনো জল্পনা বা গুজব না ছড়ানোর অনুরোধ করেন এই র্যাপার।
তবে বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেননি দুজনের কেউই। এর আগে গত জুলাই থেকেই তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।
সে সময় ইশা একটি ভিডিও প্রকাশ করে লিখেছিলেন, প্রতিটি ঝড় মানুষের জন্য কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে এবং প্রতিটি প্রার্থনার সঙ্গে জড়িয়ে থাকে আশা। পোস্টের সঙ্গে ভাঙা হৃদয়ের একটি ছবিও যুক্ত করেছিলেন তিনি। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।
ইশার মা পুনম রিখি সামাজিক মাধ্যমে ‘কর্মফল’ নিয়ে কিছু পোস্ট করার পর সেই জল্পনা আরও জোরালো হয়। যদিও তখনও ইশা কিংবা বাদশা তাদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
চলতি বছরের মার্চে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন বাদশা ও ইশা। পরে জুন মাসে সামাজিক মাধ্যমে প্রশ্নোত্তর পর্বে নিজেদের বিয়ের বিষয়টি স্বীকার করেন ইশা। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই সম্পর্কে ছেদ পড়ল।
এর আগে জেসমিন মাসিহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাদশা। ২০২০ সালে তাদের আইনগত বিচ্ছেদ হয়। সেই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম জেসেমি গ্রেস মাসিহ সিং।
দ্বিতীয় বিয়েরও মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা আসায় বাদশার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। তবে ঠিক কী কারণে এই সম্পর্কের পরিসমাপ্তি ঘটল, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি বাদশা বা ইশা।

