
স্বাস্থ্যসেবা খাতে দক্ষ কর্মী তৈরি এবং তাঁদের পেশাগত উন্নয়নের সুযোগ বাড়াতে বড় অঙ্কের বিনিয়োগের পথে হাঁটছে কানাডার অন্টারিও সরকার। বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানভিত্তিক প্রকল্পে মোট ১ কোটি ৯ লাখ ডলার বিনিয়োগ করা হবে। বুধবার এই সংক্রান্ত ঘোষণা দেওয়ার কথা রয়েছে প্রাদেশিক সরকারের।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১০টি প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং পেশাগত দক্ষতা আরও উন্নত করার ওপর জোর দেওয়া হবে। এই উদ্যোগের আওতায় প্রায় ২ হাজার কর্মীকে সহায়তা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
নার্স, পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার (পিএসডব্লিউ), মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টসহ স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশার কর্মীরা এই কর্মসূচির সুবিধা পাবেন। এর ফলে একদিকে যেমন নতুন কর্মীদের প্রশিক্ষিত করে তোলা সম্ভব হবে, অন্যদিকে বর্তমানে কর্মরতদেরও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে মনে করছে প্রাদেশিক সরকার।
এই অর্থ আসছে ষষ্ঠ দফার স্কিলস ডেভেলপমেন্ট ফান্ড (এসডিএফ)-এর ট্রেনিং স্ট্রিম থেকে। তহবিলের আওতায় যে প্রতিষ্ঠানগুলি অর্থ পাবে, তাদের মধ্যে রয়েছে স্কারবোরো হেলথ নেটওয়ার্ক, ব্রেইন চেঞ্জেস ইনিশিয়েটিভ, উইন্ডমিল মাইক্রোলেন্ডিং, দ্য মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনালস অ্যাসোসিয়েশন অব অন্টারিও, উন্ডপিডিয়া, দ্য রেজিস্টার্ড নার্সেস অ্যাসোসিয়েশন অব অন্টারিও, অ্যাকসেসিবল কমিউনিটি কাউন্সেলিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস, ডারহাম কমিউনিটি হেলথ সেন্টার, প্রাইম+কেয়ার হেলথ সেন্টার এবং দ্য কানাডিয়ান নিউক্লিয়ার আইসোটোপ কাউন্সিল।
শ্রম, অভিবাসন, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ডেভিড পিচ্চিনি বলেন, অন্টারিওর স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী রাখার প্রথম শর্তই হল মানুষের প্রয়োজনের সময়ে তাঁদের প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই দক্ষতা উন্নয়ন তহবিলের মাধ্যমে স্বাস্থ্যসেবা পেশাকে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী নিয়োগের পথ সহজ করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বাড়বে, কর্মীসংখ্যা ও দক্ষতা দুই-ই শক্তিশালী হবে। একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সক্ষম ও স্থিতিশীল স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পথও প্রশস্ত হবে।
সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

