
কুমিল্লার লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে ১৫ বছরের এক কিশোরীকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক ও তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় সাকিব (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার প্রধান অভিযুক্ত কিশোরীর প্রেমিক সিয়ামকে এখনো গ্রেফতার করা যায়নি।
রোববার (৩০ আগস্ট) বিকালে সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকা থেকে সাকিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাকিব আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের উজিরপুর এলাকার শহীদ মিয়ার ছেলে।
পুলিশ ও কিশোরীর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২৯ আগস্ট) বিকালে প্রেমিক সিয়ামের ফোন পেয়ে চান্দিনা উপজেলার নিজ বাড়ি থেকে কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসেন ওই কিশোরী। পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেখান থেকে তাকে সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, সেখানে আগে থেকেই সিয়ামের কয়েকজন বন্ধু অবস্থান করছিল। সন্ধ্যার পর কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা তার ওপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে। রাতভর তাকে ওই নির্জন স্থানে আটকে রাখা হয়।
রোববার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা কিশোরীকে উদ্ধার করে এবং সাকিবকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং সাকিবকে গ্রেফতার করেন।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় কিশোরীর বাবা প্রধান অভিযুক্ত সিয়ামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতার সাকিবের কাছ থেকে অন্য অভিযুক্তদের বিষয়ে তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

