গোপনে ‘চুক্তিভিত্তিক বিয়ে’? গুজবে ক্ষুব্ধ প্রভা, বললেন—‘আমি বিয়ে করিনি’

গোপনে ‘চুক্তিভিত্তিক বিয়ে’? গুজবে ক্ষুব্ধ প্রভা, বললেন—‘আমি বিয়ে করিনি’ - the Bengali Times
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর এক খবর। দাবি করা হয়, তিনি নাকি গোপনে বিয়ে করেছেন, এমনকি সেটি ছিল ‘চুক্তিভিত্তিক বিয়ে’। তবে এই খবর ছড়িয়ে পড়ার পর মুখ খুলে সব দাবি উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই।

প্রভার স্পষ্ট বক্তব্য, তিনি বিয়ে করেননি এবং কোনো ধরনের ‘চুক্তিভিত্তিক বিয়ে’ বা এমন সম্পর্কেও কখনো জড়াননি।

- Advertisement -

মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে প্রভা বলেন, হঠাৎ করেই তিনি শুনেছেন তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। অথচ এ বিষয়ে তিনি নিজেই কিছু জানেন না। তাকে ঘিরে প্রচারিত সব কথাই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন অভিনেত্রী।

প্রভার অভিযোগ, তার বিয়ে নিয়ে সংবাদ প্রকাশ করা হলেও বিষয়টি যাচাই করতে তার সঙ্গে যোগাযোগ করেননি অনেকে। নিজের মতো করে নানা তথ্য লিখে ও প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, লেখার অনেক শক্তি রয়েছে। একই লেখায় একজন মানুষকে ভালো কিংবা খারাপ—দুইভাবেই তুলে ধরা সম্ভব। তাই কারও ব্যক্তিজীবন নিয়ে সংবেদনশীল কোনো তথ্য প্রকাশের আগে সেটি ভালোভাবে যাচাই করা জরুরি।

‘চুক্তিভিত্তিক বিয়ে’র গুজব ছড়িয়ে পড়ায় মানসিকভাবেও কষ্ট পেয়েছেন প্রভা। কারণ, অনেক মানুষ বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে তাকে নিয়ে নানা আলোচনা শুরু করেছেন।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে প্রভা অনুরোধ করেন, কোনো ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে যেন কেউ বিভ্রান্ত না হন। তার ক্যারিয়ার কিংবা ব্যক্তিজীবন সম্পর্কে সঠিক তথ্য তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই জানাবেন বলে জানান অভিনেত্রী।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে ভ্রমণ নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles