
চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় পার্টির (জাপা) এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর রাতযাপন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে রোববার রাতে তারা বৈলছড়ি গ্রামের ঐতিহ্যবাহী ‘খান বাহাদুর বদি আহমদ বাড়ি’তে অবস্থান করেন। স্থানীয় সূত্রের দাবি, বাড়িটি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর।
তবে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, তিনি তখন ঢাকায় ছিলেন এবং এনসিপি নেতাদের অবস্থানের বিষয়টি পরে জানতে পারেন। তার ভাষ্য, বাড়িটি ছয় ভাইয়ের যৌথ মালিকানাধীন এবং পরিবারের কেউ এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি ধারণা করেন, বিদেশে থাকা তার এক ভাইয়ের মাধ্যমে যোগাযোগ হয়ে থাকতে পারে।
স্থানীয়দের মতে, ওই রাতে এনসিপি নেতাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন মাহমুদুল ইসলাম চৌধুরীর ভাতিজা রহিমুল এহসান চৌধুরী মিঠু।
এদিকে এনসিপির চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় নিশ্চিত করেছেন যে, নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ বাঁশখালীতে রাতযাপন করেছিলেন। তবে তারা যে বাড়িতে ছিলেন, সেটির মালিকানা সম্পর্কে তিনি নিশ্চিত নন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকার সমালোচনা করে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলেছিল এনসিপি। সেই প্রেক্ষাপটে জাপার এক শীর্ষ নেতার বাড়িতে এনসিপির দুই শীর্ষ নেতার অবস্থান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে।

