
বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকে কেন্দ্র করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি দাবি করেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন শুরু থেকেই কাজ করছে।
রাশেদ খানের ভাষ্য, দুর্গত এলাকায় এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে অর্থ, চাল, বিশুদ্ধ পানি, স্যানিটেশনসামগ্রী ও শিশুখাদ্য বিতরণের পাশাপাশি উদ্ধারকাজে সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে।
প্রশাসনের কেউ বন্যাকবলিত এলাকায় যাননি—এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, জামায়াতের আমির সেখানে যাওয়ার আগেই স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বিরোধী দলের নেতা হওয়ায় তার সফর বেশি প্রচার পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমানের পানিতে নেমে পরিদর্শনের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, এটি প্রয়োজনের চেয়ে বেশি প্রচার পাওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। তার ভাষায়, “আমার মনে হয়, জামায়াত আমিরকে ভাইরাল রোগে ধরেছে।” তিনি আরও বলেন, নেতাকর্মীদের নির্দেশনা দেওয়াই তার দায়িত্ব ছিল।
একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রশংসা করে রাশেদ খান দাবি করেন, তিনি নিয়মিত মাঠে থেকে কাজ করলেও প্রচারের জন্য কোনো প্রদর্শনমূলক কর্মকাণ্ডে জড়াননি।

