
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচয় দেওয়া সঠিক নয়। তিনি নিজেকে বিএনপির একজন সাধারণ কর্মী উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক রাজনৈতিক ও সাংগঠনিক পরিসরের মধ্যেই সীমাবদ্ধ।
বৃহস্পতিবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন, ‘কোনোভাবেই আমি আমাদের শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু নই। আমি বিএনপির একজন সাধারণ কর্মী।’
শাহে আলম বলেন, বগুড়া জেলার দায়িত্ব পালন এবং দলীয় কর্মকাণ্ডের সূত্রে বহুবার তারেক রহমানের সঙ্গে দেখা ও কথা হয়েছে। একই জেলার মানুষ হওয়ায় প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে চেনেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন। এর বাইরে তাদের মধ্যে বিশেষ কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, তার সঙ্গে প্রধানমন্ত্রীর বয়স ও বেড়ে ওঠার পরিবেশে যথেষ্ট পার্থক্য রয়েছে। তাই বিভিন্ন সংবাদে ‘প্রধানমন্ত্রীর বন্ধু’ হিসেবে তাকে উল্লেখ করা হলে তিনি, তার পরিবার এবং সমাজের মানুষ বিব্রত হন।
প্রতিমন্ত্রীর অভিযোগ, কিছু সংবাদে ‘তারেক রহমানের বন্ধু’ পরিচয় ব্যবহার করে তার বিরুদ্ধে দুর্নীতি বা সম্পদ বৃদ্ধির মতো অভিযোগ তুলে ধরা হয়, যা বিভ্রান্তিকর। তিনি জানান, ১৯৯৩-৯৪ সালে ছাত্রদলের দায়িত্ব পালনকালে রাজনৈতিকভাবেই প্রথম তারেক রহমানের সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ শুরু হয়।
শেষে তিনি গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ভবিষ্যতে তাকে প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে উপস্থাপন না করার জন্য তিনি বিনীতভাবে আহ্বান জানাচ্ছেন।

