
যশোরের চৌগাছায় আট বছর পরও ফুটবলপ্রেমীদের আলোচনায় রয়েছে ‘ব্রাজিল বাড়ি’ নামে পরিচিত একটি ব্যতিক্রমী বাড়ি। ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকার রঙে রাঙানো এই বাড়িটি এখনও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।
চৌগাছা-কোটচাঁদপুর সড়কের ইছাপুর বটতলায় অবস্থিত বাড়িটির মালিক জামির হোসেন। তিনি ব্রাজিল ফুটবল দলের একজন নিবেদিতপ্রাণ সমর্থক। বিশ্বকাপের উন্মাদনার সময় নিজের দোতলা বাড়িটিকে ব্রাজিলের হলুদ, সবুজ ও নীল রঙে সাজিয়ে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেন। বর্তমানে বাড়িটি তিনতলায় উন্নীত হলেও এখনও সেই রঙের ছাপ বহন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামির হোসেন চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবার নিয়ে ইছাপুর বটতলার ওই ভবনে বসবাস করেন। ভবনের নিচতলায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার অফিস এবং উপরের তলায় তার বসবাস।
জামির হোসেন জানান, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই তিনি বাড়িটিকে ব্রাজিলের পতাকার আদলে রাঙিয়েছিলেন। সময়ের সঙ্গে রঙ কিছুটা ফিকে হলেও ব্রাজিলের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। স্থানীয়দের কাছে বাড়িটি এখন ‘ব্রাজিল বাড়ি’ হিসেবেই পরিচিত।
তিনি আরও জানান, ২০১৮ সালে বাড়ির রং করতে প্রায় ৭০ হাজার টাকা ব্যয় হয়েছিল। একই সময়ে প্রায় ২০ হাজার টাকার ব্রাজিল দলের জার্সিও কিনেছিলেন। সেই সময় কেনা ৭৫টি জার্সি এখনও তার কাছে সংরক্ষিত রয়েছে।
আসন্ন ফুটবল উৎসবকে ঘিরে এবারও নতুন পরিকল্পনা করছেন তিনি। ব্রাজিল সমর্থকদের নিয়ে ২০০ থেকে ৩০০ মোটরসাইকেলের একটি শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি চলছে। পুরোনো জার্সিগুলোও ওই শোভাযাত্রায় ব্যবহার করা হবে বলে জানান তিনি।
ফুটবলকে সম্প্রীতি ও আনন্দের খেলা হিসেবে দেখেন জামির হোসেন। তিনি বলেন, ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা ফুটবলকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে সমর্থকদের আবেগ যেন কখনও সংঘাতের কারণ না হয়। খেলাকে ঘিরে আনন্দ ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, ‘ব্রাজিল বাড়ি’ এখন শুধু একটি বাড়ি নয়; এটি চৌগাছার ফুটবলপ্রেমী মানুষের আবেগ, উন্মাদনা ও ভালোবাসার এক অনন্য প্রতীক।

