মাদকের ছোবল

মাদকের ছোবল - the Bengali Times
আপনি যদি সারাক্ষণ মাছ বাজারে সময় কাটান তবে আপনার শরীরে মাছের গন্ধই পাওয়া যাবে যদিও আপনি হয়তো একটা মাছও কিনেন নাই বা ছুয়ে দেখেন নি

আপনি যদি সারাক্ষণ মাছ বাজারে সময় কাটান তবে আপনার শরীরে মাছের গন্ধই পাওয়া যাবে যদিও আপনি হয়তো একটা মাছও কিনেন নাই বা ছুয়ে দেখেন নি। তেমনি আপনি যদি সারাদিন কোন সুগন্ধির দোকানে কাটান, আপনি না কিনলেও আপনার শরীর থেকে সুগন্ধির ঘ্রাণই পাওয়া যাবে।

সে কারণেই পুরানো প্রবাদ হলো, সৎ সংগে স্বর্গবাস, অসৎ সংগে সর্বনাশ। আপনি যদি এমনসব লোকের সাথে মিশেন যারা সবসময় নেগেটিভ চিন্তার মধ‍্যেই বাস করে, মানুষকে এগিয়ে যেতে উৎসাহিত না করে সারাক্ষণ পেছন থেকে টেনে ধরে তাহলে আপনি না চাইলেও ধীরে ধীরে একই মানসিকতার মানুষ হয়ে যাবেন।  মাদকের ছোবল এখন সমাজকে এমনভাবে গিলে ফেলেছে যা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। মুখে কথায় বা বক্তৃতায় অনেকে মাদক নির্মূলের কথা বলে পরে দেখা যায় সেটার পেছনে ছিল ভিন্ন এক উদ্দেশ্য।

- Advertisement -

১৯৮৫ সালে গোয়ালন্দের পতিতালয় উচ্ছেদের জন‍্যে যখন আমি সর্বপ্রথম উদ্যোগ নেই এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব‍্যক্তিবর্গের সাথে আলোচনা শুরু করি তখন অনেকেই আমাকে সতর্ক করে বলেছিলেন যে তার আগেও অনেকে এ ধরণের উদ্যোগ নিয়ে পতিতা ও গডফাদারদের কাছ থেকে টাকা খেয়ে চুপ হয়ে গিয়েছিল। আমি সেসব ব‍্যাপারে সতর্ক ছিলাম এই ভেবে যে আমি আমার গন্তব্যে এগিয়ে যাব এবং শেষ পর্যন্ত দেখবো কে আমার সাথে থাকে অথবা না থাকে।

শুরুতে যারা কথা দিয়েছিল পরে অনেকেই কেটে পরেছিল আবার যারা শুরুতে ছিলেন না, পরে তাদের অনেকেই যুক্ত হয়েছিলেন। কিন্তু আমি আমার লক্ষ‍্যে অবিচল থাকায় শতভাগ না হলেও একটা সফলতা অর্জন করেছিলাম। নুতন করে এসব বলার একটাই কারণ তাহলো মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে মুক্তি পেতে চাইলে সচেতন নাগরিকদের উদ‍্যোগ নিতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে নেতৃত্ব দিতে হবে। কোন মাদক কারবারী বা নেশাগ্রস্হ মানুষ নেতৃত্ব দিলে হবে না। প্রশাসন ও রাজনৈতিক ক্ষমতাসীনরা চাইলে কোন জায়গায় পতিতালয় বা মাদক দ্রব‍্য বেচাকেনা থাকতে পারে না। কিন্তু প্রশাসন ও নেতারা প্রচলিত সামাজিক ও রাজনৈতিক ব‍্যবস্হার কারণেই চাইবে না দেশ থেকে এসব দুর হোক।

যেভাবে প্রশাসনে রদবদল, পদোন্নতি এমনকি নিয়োগ হয়, যেভাবে একজন ব‍্যক্তি এমপি মন্ত্রী হন, যেভাবে তাদের রাজনৈতিক দল পরিচালিত হয়, মিটিং মিছিল করতে হয় তাতে প্রচুর টাকার দরকার হয়, লেনদেন চালাতে হয়। বিস্তারিত আর নাইবা লিখলাম। শুধু বলি এসব প্রচলিত পদ্ধতি বহাল রেখে কোনভাবেই সমাজ থেকে অপরাধ দুর করা সম্ভব নয়। কাজেই সামাজিক নেতৃত্ব দরকার। তাদের এগিয়ে আসা দরকার যার অবৈধ টাকা পয়সার দরকার নাই, যার অবৈধ রাজনৈতিক ক্ষমতার দরকার নাই। তাকেই দরকার বা তাদেরকেই দরকার যারা হালালভাবে টাকা পয়সা ইনকাম করার চিন্তা করেন, শান্তিতে ঘুমাতে চান। তারা এগিয়ে আসুন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলুন। মাদক সমস‍্যা শুধু বাংলাদেশে নয়, কানাডার মত দেশেও একটা বড় সমস্যা বলে আমি মনে করি। ঘরে ঘরে এমনসব ঘটনা শুনতে বা দেখতে পাচ্ছি যা নিয়ে উদ্বিগ্ন না হয়ে পারছি না।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles