গো ট্রানজিটে ভাড়া ফাঁকি ঠেকাতে কঠোর হচ্ছে সরকার

গো ট্রানজিটে ভাড়া ফাঁকি ঠেকাতে কঠোর হচ্ছে সরকার - the Bengali Times
নতুন প্রস্তাবিত আইন বিল্ডিং হোমস অ্যান্ড ইম্প্রুভিং ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্ট এর মাধ্যমে গ্রেটার টরন্টো ও হ্যামিল্টন এলাকায় একীভূত ভাড়া কাঠামোসহ বিভিন্ন সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে

অন্টারিও প্রদেশে গণপরিবহন ব্যবস্থাকে আরও সমন্বিত, সাশ্রয়ী এবং কার্যকর করার লক্ষ্যে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রস্তাবিত আইন “বিল্ডিং হোমস অ্যান্ড ইম্প্রুভিং ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্ট” এর মাধ্যমে গ্রেটার টরন্টো ও হ্যামিল্টন এলাকায় একীভূত ভাড়া কাঠামোসহ বিভিন্ন সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এই আইনটি সম্প্রতি কুইন’স পার্কে উত্থাপন করা হয়েছে, যা প্রদেশের পরিবহন ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

অন্টারিও সরকার ইতোমধ্যে ২০২৪ সালে “ওয়ান ফেয়ার” নামে একটি অভিন্ন ভাড়া ব্যবস্থা চালু করে। এর ফলে গ্রেটার টরন্টো অ্যান্ড হ্যামিল্টন এরিয়ার বিভিন্ন ট্রানজিট ব্যবস্থার মধ্যে যাতায়াতের সময় যাত্রীদের একাধিকবার ভাড়া দিতে হয় না। সরকারি তথ্য অনুযায়ী, এই উদ্যোগ এখন পর্যন্ত অন্টারিওবাসীর প্রায় ২৩ কোটি ডলার সাশ্রয় করেছে। অর্থাৎ, প্রতিদিনের যাতায়াতে কর্মজীবী ও সাধারণ মানুষের আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমেছে।

- Advertisement -

প্রস্তাবিত নতুন আইনের মাধ্যমে “ওয়ান ফেয়ার ২.০” নামে আরও উন্নত একটি কাঠামো চালুর পরিকল্পনা রয়েছে। এর আওতায় : একক অভিন্ন ভাড়া ব্যবস্থা চালু হবে, সব ট্রানজিট সংস্থার জন্য একই ধরনের ডিসকাউন্ট নীতি থাকবে এবং বিনামূল্যে ট্রান্সফার সুবিধা নিশ্চিত করা হবে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও সুসংগঠিত রূপ পাবে।

এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে টরন্টো শহরের ওপর। কারণ, শহরটির গণপরিবহন সংস্থা টরন্টো ট্রানজিট কমিশন এখনো বড় অংশে ভাড়া আয়ের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে, যদি অভিন্ন ভাড়া কাঠামো চালু হয়, তাহলে টিটিসির রাজস্ব কমতে পারে, যা শহরের বাজেটের ওপর চাপ সৃষ্টি করবে। ফলে, এই পরিবর্তনের সাথে অর্থায়নের নতুন মডেলও প্রয়োজন হতে পারে।

অন্যদিকে, গো ট্রানজিটে ভাড়া ফাঁকি দেওয়ার প্রবণতা কমাতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী : প্রথমবার ভাড়া ফাঁকি দিলে জরিমানা ৩৫ ডলার থেকে বেড়ে ২০০ ডলার এবং একই অপরাধ চতুর্থবার করলে জরিমানা ৫০০ ডলার পর্যন্ত হতে পারে। বর্তমানে সর্বোচ্চ জরিমানা ছিল ২০০ ডলার, যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে।

অন্টারিও সরকারের এই পদক্ষেপকে একদিকে যেমন যাত্রীবান্ধব বলা যায়, তেমনি এটি একটি জটিল অর্থনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনও বটে। এই পদক্ষেপের ইতিবাচক দিকগুলি হল : যাতায়াত সহজ ও সাশ্রয়ী হবে, বিভিন্ন ট্রানজিট ব্যবস্থার মধ্যে সমন্বয় বাড়বে এবং নগর অঞ্চলে কর্মসংস্থানের সুযোগে প্রবেশ সহজ হবে।

ঠিক তেমনই এই পদক্ষেপে কিছু চ্যালেঞ্জও রয়েছে। যেমন : পৌর কর্তৃপক্ষের বাজেট ঘাটতি তৈরি হতে পারে, ভাড়া কাঠামো পরিবর্তনে প্রশাসনিক জটিলতা হতে পারে এবং দীর্ঘমেয়াদে অর্থায়নের টেকসই মডেল প্রয়োজন।

অন্টারিওর এই নতুন পরিবহন নীতি মূলত একটি ভারসাম্য খোঁজার চেষ্টা যেখানে যাত্রীদের সুবিধা, পরিবহন ব্যবস্থার দক্ষতা এবং আর্থিক স্থিতিশীলতা এই তিনটি দিককে একসাথে বিবেচনায় রাখা হচ্ছে। “ওয়ান ফেয়ার ২.০” বাস্তবায়িত হলে এটি কানাডার অন্যতম আধুনিক ও সমন্বিত গণপরিবহন ব্যবস্থার উদাহরণ হয়ে উঠতে পারে, তবে এর সফলতা নির্ভর করবে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles